চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মৌসুমী হিজড়া (৫২) খুন হয়েছেন। শনিবার সকালে আমবাগান রেলওয়ে কলোনি-সংলগ্ন হিজড়া কলোনিতে তার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক অচেনা যুবককে খোঁজা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতে ওই যুবক মৌসুমীর বাসায় ঢুকেছিলেন এবং পরে বেরিয়ে যান।
লাশ উদ্ধারের সময় তার গলার সোনার চেইন, গরু বিক্রির চার লাখ টাকা ও দুটি মুঠোফোন পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে খাটের ওপর লাশ পড়ে ছিল। গলায় আঘাতের চিহ্ন ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় খুলশী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাতে মৌসুমীর বাসায় এক যুবক এসেছিলেন। মৌসুমী নিজেই তাকে দরজা খুলে দিয়েছিলেন। পরে ওই যুবক বাসা থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি মৌসুমীর পূর্বপরিচিত হতে পারেন। তবে হিজড়া সম্প্রদায়ের কেউ তাকে চিনতে পারেননি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, মৌসুমীর বাসার পেছনে গরুর খামার রয়েছে। গরু বিক্রির চার লাখ টাকা তার কাছে ছিল। ঘটনার পর থেকে তার গলার সোনার চেইন, টাকা ও দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না। গরু বিক্রির টাকা বাসায় থাকার খবর পেয়ে কোনো পূর্বপরিচিত ব্যক্তি এসেছিলেন কি না, নাকি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। চেইন নেওয়ার সময় টানাটানিতে আঘাত লেগেছে, নাকি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। অচেনা যুবকের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত চলছে।