চট্টগ্রামের খুলশী এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে আধা ঘণ্টার মধ্যেই এক কিশোরকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়কের তালতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টার দিকে মো. হৃদয় নামের ওই কিশোরকে তার তিন বন্ধু ডেকে নিয়ে যায়। আধা ঘণ্টা পরে তারা শুনতে পান যে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের বাবা বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। কামরুলের নেতৃত্বে খুন করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।"
পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে কামরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, প্রাথমিক তথ্যানুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।