দেশের প্রযুক্তি বাজারে নতুন যোগ হয়েছে স্যামসাংয়ের দুটি উচ্চমানের আলট্রা ওয়াইড ওডিসি মনিটর। কোম্পানিটি ‘ওডিসি ওএলইডি জি৯’ এবং ‘ওডিসি নিও জি৯’ নামে দুটি মডেল নিয়ে এসেছে, যেগুলোতে ৪৯ ইঞ্চি ও ৫৭ ইঞ্চি পর্দার ব্যবহার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বাঁকানো পর্দার মনিটরগুলো একসাথে একাধিক ট্যাব বা উইন্ডো চালু করে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয়।

বর্তমান কর্মকাণ্ডের ধরন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে একসাথে বেশ কিছু কাজ সম্পাদনার চাহিদা বেড়েছে। সাধারণত ২৪ ইঞ্চির ছোট মনিটরে প্রতিটি কাজের জন্য আলাদা উইন্ডো খুললে সেগুলোর আকার ছোট হয়ে যায়, যা দীর্ঘক্ষণ কাজ করতে গিয়ে চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অন্যদিকে, ৫৭ ইঞ্চি পর্দার ‘ওডিসি নিও জি৯’ মডেলটিতে বড় ও বাঁকানো পর্দার কারণে তিন থেকে চারটি উইন্ডো একই সময়ে চালু করে বিভিন্ন কাজ করা যায়। বর্তমানে বাংলাদেশে বিক্রিত সবচেয়ে বড় মনিটর হিসেবে এই মডেলটি স্বীকৃতি পেয়েছে।

আরেকদিকে, ৪৯ ইঞ্চি আলট্রাওয়াইড পর্দার ‘ওডিসি ওএলইডি জি৯’ মডেলটিতে ওএলইডি (OLED) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি উজ্জ্বল রঙ এবং নিখুঁত ছবি ফুটিয়ে তোলে, যা গ্রাফিক ডিজাইন বা ভিডিও সম্পাদনার মতো ভিজ্যুয়াল-নির্ভর কাজের জন্য অত্যন্ত উপযোগী।

মডেলভেদে মনিটর দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ ৮৫ হাজার টাকা এবং ৩ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও, ‘ওডিসি জি৬’ নামের আরেকটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম ১ লাখ ৫৫ হাজার টাকা। আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্যামসাং বাংলাদেশ এই তথ্যটি নিশ্চিত করেছে।