রাঙামাটির কাপ্তাইয়ে দেশি মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই কারখানা থেকে প্রস্তুতকৃত মদ, কাঁচামাল এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) একটি দল বৈরাগী পাড়া এলাকায় এই অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। টহল দল বৈরাগী পাড়া এলাকায় পৌঁছালে সেখানে মদ উৎপাদনের কারখানাটির অবস্থান নিশ্চিত হয়। তবে অভিযানের সময় সেখানে কোনো কর্মী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পাওয়া যায়নি।

কারখানাটি থেকে জব্দকৃত সামগ্রির মধ্যে রয়েছে তিনটি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি তিনটি বয়াম এবং ৩০ লিটার প্রস্তুত দেশি মদ। এ ছাড়া প্রক্রিয়াজাতকরণের অপেক্ষায় থাকা প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির কাঁচামালও বিজিবি সদস্যরা উদ্ধার করেন। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মদ ও আনুষঙ্গিক যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস নোটে জানানো হয়েছে, জব্দকৃত মদ ও মদ তৈরির সরঞ্জাম স্থানীয় পুলিশের সহায়তায় ধ্বংসের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই অবৈধ মাদক কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।