জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লাইসেন্সবিহীন অবস্থায় সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীর দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করে। এ সময় মেসার্স নুর ইসলাম ট্রেডার্সের খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি অভিযান পরিচালনা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি এবং তিন বস্তা ইউরিয়া। অভিযানে দেখা যায়, দোকানে সারের সরকারি মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না এবং ক্রয়কারীদের কাছে যথাযথ ক্যাশমেমোও ইস্যু করা হচ্ছে না। পরবর্তীতে জব্দকৃত সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সার বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি চালানো হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।