ভোলার লালমোহনে নিজ বসতঘরে তিন দিন ধরে পড়ে থাকার পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, আনুমানিক তিন দিন আগেই তার মৃত্যু হয়েছিল।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পেয়ারী মোহন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. মাহে আলম (৬৫)। তিনি পেয়ারী মোহন গ্রামের মৃত আজাহার সইয়ালের ছেলে।

জানা যায়, স্থানীয় শাহ গাজী বায়তুল জামে মসজিদের চিল্লার মুসল্লি ও অন্যান্য মুসল্লিরা ফজরের নামাজের জন্য বাড়ি বাড়ি দাওয়াত দেওয়ার সময় মাহে আলমের বাড়িতে যান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তারা জানালা দিয়ে ভেতরে উঁকি দেন এবং দেখেন মাহে আলম উপুড় হয়ে পড়ে আছেন। এরপর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

স্বজন ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, মাহে আলমের স্ত্রী রহিমা বেগম (৩৫) তিন সন্তান নিয়ে প্রায় ১৫ দিন আগে পারিবারিক কাজে ভোলার তজুমদ্দিন থানার শিবপুর খাসের হাট এলাকায় নিজ বাবার বাড়িতে চলে যান। সেই থেকে মাহে আলম একাই বাড়িতে ছিলেন। স্বজনদের ধারণা, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে।

মাহে আলম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানির ড্রাইভিংয়ের চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং শেষ সময়ে বাড়িতেই অবস্থান করছিলেন। স্বজনদের কাছ থেকে জানা গেছে, এর আগেও তিনি দুইবার স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।