শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথক দুটি মিছিল করেছে। এর মধ্যে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ছয়জনকে আটক করে। আজ রোববার সকালে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন।
গতকাল বিকেলে তুলাশার ইউনিয়নের একটি গ্রামের সড়কে যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল করতে দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ফারুক মাতবর, ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান। তাঁরা যুবলীগের কর্মী বলে জানা গেছে।
অন্যদিকে আজ সকালে শরীয়তপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করেন। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও ছিল। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সামনে থেকে স্লোগান দেন। অন্য নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর সঙ্গে স্লোগান দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মুক্তকণ্ঠকে বলেন, "আটক ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজকের মিছিলের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ভিডিওগুলো সংগ্রহ করে মিছিলকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"