কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে নিউটন দাস (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের চণ্ডীপুর এলাকার হাওরে এই ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস চণ্ডীপুর গ্রামের বাসিন্দা শ্রীনন্দ দাসের ছেলে এবং তার দেড় বছর বয়সি একটি সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সামনের বড় হাওরে ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান তিনি। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে নৌকা থেকে পড়ে যান নিউটন। স্থানীয়রা তাকে উদ্ধার করলে দেখা যায়, তিনি ইতিমধ্যেই মৃত।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"