রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। গতকাল শনিবার সকালে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটি উদ্বোধন করেন এবং পরবর্তীতে কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
বিপিএসসির এই আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ফলে রংপুর ও আশপাশের এলাকার সরকারি চাকরিপ্রার্থীদের জন্য পরীক্ষা ও প্রশাসনিক সেবা গ্রহণ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পরীক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, বিপিএসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন।