ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নিয়মিত এমএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেড় বছর মেয়াদি ও তিন সেমিস্টারের এই প্রোগ্রামে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
আধুনিক প্রযুক্তি, উচ্চতর গবেষণা ও শিল্প ক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্স সাজানো হয়েছে। মোট ৩৬ ক্রেডিটের এই পাঠ্যক্রমে ইলেকট্রনিকস অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ও পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং—এই চার বিশেষায়িত শাখা রয়েছে। ক্লাস সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একাডেমিয়া, শিল্প, গবেষণা ও উন্নয়ন খাত এবং পিএইচডি অধ্যয়নের জন্য উন্নত জ্ঞান অর্জনের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত কোনো দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের বিএসসি ডিগ্রিধারী হতে হবে। স্বীকৃত বিষয়গুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। প্রার্থীর বিএসসি পাসের শেষ সেশন কোনোভাবেই ২০২৩–২৪ সেশনের পরে হতে পারবে না। বিএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.২৫, এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকা বাধ্যতামূলক। ও লেভেল এবং এ লেভেল প্রার্থীদের যথাক্রমে অন্তত পাঁচটি এবং দুটি বিষয়ে পাস করতে হবে, যার মধ্যে অন্তত দুটি বিষয়ে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড এবং বাকি দুটিতে সি গ্রেড থাকতে হবে।
নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের ভাইভা অন্তর্ভুক্ত। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছয়টি বিষয়ে সমানভাবে বিভক্ত, প্রতি বিষয়ে ১৫ নম্বর করে মোট ৯০ নম্বর। বিষয়গুলো হলো ইঞ্জিনিয়ারিং ফিজিকস, ইলেকট্রনিক্স (অ্যানালগ ও ডিজিটাল), ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিনস, কম্পিউটার ফান্ডামেন্টালস ও কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং। লিখিত পরীক্ষায় পাসের জন্য ৯০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৬ নম্বর লাগবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০ নম্বরের ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধাতালিকা প্রস্তুত ও গ্রুপ বিন্যাস সম্পন্ন করা হবে। এমএসসি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন ফি বাবদ অনলাইনে ২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আবেদন করার জন্য নির্ধারিত লিংক এবং বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখা যেতে পারে।