মিসরের কায়রো আদালত মাদক তৈরি ও পাচার মামলায় দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল শনিবার সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩৯ বছর বয়সী খলিফা নিরাপত্তা ও অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য সুপরিচিত। সরকারি সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, মাদক তৈরির উপকরণ সংগ্রহ, সেগুলো পাচারের লক্ষ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন এবং লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখা ও বহনের অভিযোগে তাকে ও বাকি ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
মিসরীয় আইনে পরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাস, ধর্ষণ ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার পূর্বে আদালত বাধ্যতামূলকভাবে দেশটির গ্র্যান্ড মুফতির কাছে ফতোয়া চেয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন আল-ইয়োম পত্রিকা উল্লেখ করেছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি ও সিনথেটিক মাদক তৈরি করে পাচারের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ ৭৫০ কেজির বেশি মাদকদ্রব্য ও কাঁচামাল জব্দ করেছে। এছাড়া মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
টিভি উপস্থাপক সারাহ খলিফার একটি কসমেটিক সার্জারি ক্লিনিকও রয়েছে। পাশাপাশি, তিনি এমন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক, যা বিভিন্ন পার্টির আয়োজন করে।
অন্য একটি মামলায় আদালত সারাহ ও অন্যান্য আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগ ছিল।
মিসরীয় কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মিসরে মোট ৫৪১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।