মেসি ও রোনালদো—সময়ের দুই মহাতারকার একই দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছ। আর্জেনটিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে ডিসেম্বরে বুয়েনস আইরেসের বোম্বোনেরায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলেছে। আমন্ত্রিতদের তালিকায় আছেন মেসি ও রোনালদো। সবকিছু পরিকল্পনামতো হলে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে।

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি হয়ে উঠেছে লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো নাম দুটি। একজনের সঙ্গে আরেকজনের লড়াই দেখতে দেখতে কেটে গেছে দেড় দশকের বেশি সময়। এবার কি সেই দুজনের পাশে লেখা হবে একই দলের নাম—এমন প্রশ্নই উঠেছে।

খবরটি জানিয়েছে আর্জেনটিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও দিয়েছেন একই তথ্য।

তেভেজের জন্য অবশ্য এই ম্যাচের গুরুত্ব শুধু মেসি–রোনালদোতে নয়, বরং এটি তাঁর নিজের ক্যারিয়ারের এক অসমাপ্ত অধ্যায়ের সমাপ্তি। ২০২১ সালে বোকা জুনিয়র্সসের জার্সিতে সর্বশেষ প্রতিযোগিতামুলক ম্যাচ খেলেছেন তেভেজ। এক বছর পর ২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিদায় অবশ্য কখনোই নেননি; এবার সেটিই আয়োজন করতে যাচ্ছেন ৪২ বছর বয়সী তেভেজ। বোকা জুনিয়র্সসের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও মিলেছ বলে খবর।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এরই মধ্যে কোচিংয়ে বড় একটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও সর্বশেষ তায়ারেসের ডাগআউটে ছিলেন তিনি। এই মুহূর্তে অবশ্য দলহীন।

শেষ ম্যাচের পাঁচ বছরের বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করে চমকই দিচ্ছেন তেভেজ। এর মধ্যে মেসি ও রোনালদোর সম্ভাবয উপস্থিতিও ম্যাচটিকে দিচ্ছে আলাদা মাত্রা। মুলত তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁরা সতীর্থ ছিলেন, তাঁদের মধ্য থেকে প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে। আর তারই অংশ হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মেসি ও রোনালদো।

২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তেভেজ মেসির সঙ্গে খেলেছেন আর্জেনটিনা দলে, আর ২০০৭–০৯ সময়ে রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে। অবশ্য এমএলএসে খেলা মেসি আর সৌদি প্রো লিগে খেলা রোনালদো একই সময়ে আর্জেনটিনায় তেভেজের ম্যাচে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। সে সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে গেলেও আল নাসরের খেলা থাকার কথা।