রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মারা যাওয়ার ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।
ঘটনার পর ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
কাঁচামাল ব্যবসায়ী আবদুল কাদের জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ওই ব্যক্তিকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে আরেক পথচারীর সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।