বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ১৯তম বিজেএস পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তিতে সহকারী জজ পদে আবেদন গ্রহণ চলছে। এ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তবে পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে।
আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.bjsc.gov.bd-এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকা। আবেদন ফি ১২০০ টাকা, যা টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে।
পদটির বেতন স্কেল জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধাও পাবেন নিয়োগপ্রাপ্তরা।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রয়োজন। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
পরীক্ষার ধরন: প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ) ১০০ নম্বরে হবে, পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা। লিখিত পরীক্ষা ১০০০ নম্বরে, মৌখিক পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ৫০ শতাংশ, মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। প্রাথমিক, লিখিত ও মৌখিক—সব পরীক্ষাই ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।