চলতি মাসের প্রথম চার দিনে হামের উপসর্গ নিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। এদের মধ্যে ১৯ হাজার ৫৬৭ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গজনিত কারণে ৮৮৮ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। ফলে রোগটি সংক্রমণ ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৪ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৪০ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৪ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪৩০।

বিষয়টি নিয়ে রোগতত্ত্ববিদরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তাঁরা জানান, হাম যেকোনো বয়সী মানুষকে আক্রান্ত করতে পারে, তবে এই রোগে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটছে, সেগুলোকেই চূড়ান্তভাবে হামজনিত মৃত্যু হিসেবে গণ্য করা হয়।