খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী ‘বি-কোম্পানি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি পরস্পর আপন ভাই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কেএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে ঘণ্টা ব্যবধানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার উত্তর গোবরচাকা মেইন রোড এলাকার সামসুল হক সরদারের দুই ছেলে—শামীম সরদার ওরফে ঢাকাইয়া শামীম (৩৫) এবং তার বড় ভাই মাসুম সরদার ওরফে ঢাকাইয়া মাসুম (৪০)।

কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোবরচাকা এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে একই থানার গোবরচাকা নবীনগর এলাকা থেকে তার বড় ভাই মাসুম সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার শামীম তথাকথিত ‘বি-কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী ও সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে। অন্যদিকে, বড় ভাই মাসুমের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাজা পরোয়ানাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

আইনশৃঙ্খলার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেএমপি। বর্তমানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।