ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে একটি কাভার্ডভ্যান, বাস ও লরির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—বাসচালক আবুল হোসেন (৬২), বাসের সুপারভাইজার মো. শামীম হোসেন (৫৫), কাভার্ডভ্যানচালক মো. আব্দুল আজিজ (৭১) এবং লরিচালক মো. হোসেন (২৮)।
ঘটনাটি ঘটেছে সকাল ৬টা ৫৫ মিনিটে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এটি সরাতে একটি লরি ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছিল। ঠিক সেই সময় ঢাকা থেকে ছট্টগ্রামগামী ইউনিক সার্ভিসের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চার।
পরে নিহতদের স্বজন ও বাস মালিকপক্ষ ফেনী সদর হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।