রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আজ শুক্রবার ‘শিখো-মুক্তকণ্ঠ জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’ প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ফয়’স লেকে এই উৎসবের সূচনা হবে। সারা দেশের ৬৪ জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় এক লাখ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হচ্ছে।

দেশের বিভিন্ন জেলার মুক্তকণ্ঠের প্রতিনিধি ও উপস্থাপনার দায়িত্বে থাকা বন্ধুসভার সদস্যরা কর্মশালায় অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠান যাতে তরুণদের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক গভীর করার প্রয়াস হয়, কর্মশালায় সে কথা বলেন মুক্তকণ্ঠের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, "আয়োজনটি হতে হবে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও মানসম্মত।" ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজের ছিন্নবন্ধন জোড়া লাগানোর বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান পরিচালনায় সময়ের ব্যবস্থাপনা ও দর্শকদের মনোযোগ বজায় রাখার ওপর জোর দেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, "অনুষ্ঠানের সময়সূচি আগে থেকেই স্পষ্ট করে দেওয়া উচিত। দীর্ঘ বক্তৃতায় দর্শকের মনোযোগ নষ্ট হয়। তাই বক্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।"

সহযোগী সম্পাদক সুমনা শারমীন দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "কম কথা বলে বেশি শুনতে হবে, শিক্ষার্থী-অভিভাবকদের সম্মান দিতে হবে এবং আনন্দের পরিবেশ তৈরি করতে মজার প্রশ্ন, গল্প ও ছোট ছোট খেলায় শিক্ষার্থীদের যুক্ত রাখতে হবে। যারা জিপিএ-৫ পায়নি, তাদেরও গুরুত্ব দিতে হবে"।

কনটেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিক উপস্থাপনাকে প্রাণবন্ত করার কৌশল নিয়ে পরামর্শ দেন। তিনি বলেন, "সফল অনুষ্ঠান পরিচালনায় একটি কার্যকর কাঠামো অনুসরণ জরুরি।" প্রশ্ন, খেলাধুলা ও হাস্যরসের মাধ্যমে অনুষ্ঠানকে আকর্ষণীয় রাখার জন্য তিনি উপস্থাপকদের নির্দেশনা দেন। বিশাল বাংলার প্রধান ইমাম হোসেন সাঈদ শিক্ষার্থীদের সাফল্যের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন।

কর্মশালার শুরুতে মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি জাফর সাদিক ও নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক অংশ নেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির পরামর্শ দেন।

কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, জিংক বি, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও মুক্তকণ্ঠ বন্ধুসভা আয়োজনটির সহযোগিতায় থাকবে।