গত ৩১ আগস্ট আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব নার্সিং ও ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। আইইউবিএটির উপাচার্য আবদুর রব ও ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।
প্রথম চুক্তিটি ক্লিনিক্যাল প্লেসমেন্ট সংক্রান্ত সমঝোতা স্মারক। এর আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নির্ধারিত একাডেমিক ও পেশাগত মানদণ্ড মেনে এই কার্যক্রম পরিচালিত হবে। রোগীর সেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ দক্ষতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শ্রেণিকক্ষে পাওয়া তাত্ত্বিক জ্ঞান বাস্তব স্বাস্থ্যসেবা পরিবেশে প্রয়োগ করা সম্ভব হবে।
একই দিনে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারকটি ইন্টার্নশিপ সংক্রান্ত। এই চুক্তির মাধ্যমে ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের যোগ্য গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাস মেয়াদি কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
তৃতীয় চুক্তিটি একটি সেবা চুক্তি। এর আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালের নির্বাচিত স্বাস্থ্যসেবা করপোরেট ডিসকাউন্টে পেতে পারবেন। চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা এই সুবিধার অন্তর্ভুক্ত। তবে চুক্তিতে উল্লিখিত শর্ত ও প্রযোজ্য নিয়মাবলি অনুযায়ীই এসব সুবিধা কার্যকর হবে।