ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে আজ শুক্রবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের মুখ টেপ দিয়ে আটকানো ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে বনানী এলাকার এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি এবং সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের একটি শার্ট। বর্তমানে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েজুড়ে নিরাপত্তা ক্যামেরা বসানো থাকলেও, মরদেহটি সেখানে কীভাবে এল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, "ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তাঁর মরদেহ ফেলে দেওয়া হয়েছে।"
পুলিশ আরও জানিয়েছে, রহস্য উদ্ঘাটনের জন্য এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে যে স্থানে মরদেহটি পাওয়া গেছে, সেটি সম্ভবত ক্যামেরার কভারেজের বাইরে ছিল বলেই সেখানে মরদেহটি ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।