আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া লিওনেল মেসিকে দেশের মাটিতে শেষবারের মতো জার্সি পরানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিযোগিতামূলক কোনো আসরে নয়, বরং তার দীর্ঘ ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এএফএর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির নিজস্ব সম্মতি পাওয়া অপরিহার্য বলে খবর প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুই বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। এই সূচির মধ্যেই মেসির জন্য বিশেষ আয়োজন করার চিন্তা চলছে। কিছু প্রতিবেদনে চারটি ম্যাচের সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে এখনও কোনো প্রতিপক্ষ, নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক হয়নি।

আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে দেশের মাটিতেই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল হতে পারে সম্ভাব্য ভেন্যুগুলোর একটি। পাশাপাশি মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে, যদিও সেটিকে তুলনামূলক কম সম্ভাবনাময় মনে করা হচ্ছে। অন্যদিকে, টিএনটি স্পোর্টসের সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর তথ্যমতে, সেপ্টেম্বরে বুয়েনস আইরেস, কর্দোবা অথবা রোজারিওতে আর্জেন্টিনার দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের কাজ চলছে। প্রতিপক্ষ এখনও নির্ধারিত না হলেও বর্তমান পরিস্থিতি বলছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি দেশের মাটিতেই হতে পারে।

আয়োজনটি হবে সম্পূর্ণ ভিন্ন আবহের। নতুন কোনো টুর্নামেন্টে ফেরানোর পরিকল্পনা নয়, বরং সমর্থকদের সামনে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানাই হবে মূল উদ্দেশ্য। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর একটু বিরতি নিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। ৩১ আগস্ট দেওয়া ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন আর্জেন্টিনার এই মহাতারকা। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ছয়টি বড় শিরোপা। এর মধ্যে ২০২২ সালের বিশ্বকাপ জয়ই সবচেয়ে বড় সাফল্য। আছে দুটি কোপা আমেরিকা ট্রফি ও একটি ফিনালেসিমা।

এত দীর্ঘ ও বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয় ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের মধ্য দিয়ে। তার এমন বিদায় সমর্থকদের জন্য কিছুটা বিষণ্নের। সে কারণেই সমর্থকদের সামনে আরেকবার মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এএফএ। অবশ্য ক্লাব ফুটবলের পথচলা এখনই থামছে না মেসির। ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তাই জাতীয় দলের হয়ে এমন ম্যাচ খেলবেন কি না, তা একান্তই ফুটবলের জাদুকর লিওনেল মেসির সিদ্ধান্ত ও ইচ্ছার ওপরই নির্ভর করছে।