শুক্রবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক। এ ঘটনায় বাসের সহকারী আহত হয়েছেন।
জানা গেছে, সকাল সাতটার দিকে পুরোনো মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। ভ্যানটি সরাতে একটি লরি আনা হয়। লরি দিয়ে ভ্যানটি টানার সময় পেছন থেকে একটি বাস এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসটি ছিল ইউনিক পরিবহনের, যা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
আহত ও নিহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ড ভ্যানের চালক, সহকারী ও বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত বাসের সহকারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, বেলা ১১টা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান, লরি ও বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।