পাবনায় পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, পাবনা ডিসি অফিসের নিচতলায় বিআরটিএ কার্যালয়ের সামনে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় রফিকুলকে দেখতে পান কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলে তাদের সন্দেহ হয়। বিষয়টি যাচাই করে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন। অভিযান চালিয়ে তার কাছ থেকে পুলিশের এক সেট ইউনিফর্ম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছবি তোলার উদ্দেশ্যে রফিকুল পুলিশের ইউনিফর্ম পরে বিআরটিএ কার্যালয়ে যান। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, সরকারি কর্মচারীর পরিচয় দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০ ধারায় পাবনা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।