মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এই উদ্ধার কাজ সম্পন্ন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকার ছড়ার পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় মাছ শিকারীরা। ঘটনার খবর পেয়ে তারা স্থানীয় প্রশাসনের নিকট অবহিত করেন।
এরপর বৃহস্পতিবার রাতে বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং পুলিশের গঠিত একটি যৌথ দল দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করে। কষ্টসাধ্য পথ অতিক্রম করে শুক্রবার সকালে অভিযানকারী দল মরদেহটি উদ্ধারে সক্ষম হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির তালুকদার বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি, দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।