ব্যবসা নবী-রাসুলদের পছন্দনীয় একটি পেশা। আমাদের নবীজিও (সা.) জীবনের একপর্যায়ে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মানুষের জীবিকা উপার্জনের বৈধ মাধ্যমগুলোর মধ্যে ব্যবসা অন্যতম। তবে ব্যবসায় প্রতারণা, মিথ্যা, ধোঁকা, পণ্যের ত্রুটি গোপন করা, মিথ্যা শপথ কিংবা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়ানো ইসলামের আদর্শের পরিপন্থী। যে ব্যবসায়ী লেনদেনে সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করেন, তাঁর জন্য ইহকাল ও পরকালে সম্মানজনক প্রতিদানের কথা বলা হয়েছে।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সৎ ব্যবসায়ীদের জন্য নির্ধারিত পুরস্কারগুলো নিচে আলোচনা করা হলো:
১. নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গ লাভ:
ব্যবসায়ে লাভের আকাঙ্ক্ষা স্বাভাবিক হলেও সত্য বিসর্জন দিয়ে অর্জিত লাভ কল্যাণের পথ নয়। সততা ও বিশ্বস্ততা একজন ব্যবসায়ীকে পরকালের উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী (পরকালে) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)
২. আরশের ছায়ায় আশ্রয়:
কেয়ামতের কঠিন ময়দানে সৎ ব্যবসায়ীর জন্য বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। নবীজি (সা.) বলেন, ‘সত্যবাদী ব্যবসায়ী কিয়ামত দিবসে আরশের ছায়ায় থাকবে।’ (আত–তারগিব ওয়াত–তারহিব, হাদিস: ৭৯৪)
৩. জান্নাতের পথে প্রতিবন্ধকতাহীন যাত্রা:
সত্যবাদিতা ও বিশ্বস্ততা জান্নাতে প্রবেশের সহজ মাধ্যম হতে পারে। রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ব্যবসায়ীর জন্য জান্নাতের দরজায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না।’ (কানজুল উম্মাল, হাদিস: ৯২১৯)
৪. প্রথম জান্নাতে প্রবেশের সৌভাগ্য:
সৎ ব্যবসায়ীদের জন্য আরও বিশেষ সম্মানের কথা বলা হয়েছে। নবীজি (সা.) ঘোষণা করেন, ‘সৎ ব্যবসায়ী প্রথম বেহেশতে প্রবেশ করবে।’ (আল–মুসান্নাফ লি ইবনি আবি শায়বা, হাদিস: ৫৩৬৫)
৫. আল্লাহর রহমত লাভ:
সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য শুধু সত্য কথা বলায় সীমাবদ্ধ নয়, বরং লেনদেনে নম্রতা ও উদারতাও তাঁর চরিত্রের অংশ। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, যে বিক্রয়ের সময়, ক্রয়ের সময় এবং নিজের পাওনা চাওয়ার সময় উদার ও নম্র থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৬)
৬. পাপ ক্ষমার সৌভাগ্য:
ব্যবসায় মানুষের প্রতি সহানুভূতি ও উদারতা ক্ষমা লাভের মাধ্যম হতে পারে। বিশেষ করে ঋণগ্রস্তদের প্রতি মানবিক আচরণ এই পুরস্কারের অন্তর্ভুক্ত। নবীজি (সা.) বলেন, ‘এক ব্যক্তি মানুষের সঙ্গে লেনদেন করত। সে যখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সংকটে দেখত, তখন তার কর্মচারীদের বলত, তাকে ছেড়ে দাও, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৮)
পরিশেষে, ব্যবসা মানুষের হাতে সম্পদ পৌঁছে দিলেও সততা সেই সম্পদে বরকত নিয়ে আসে। ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাত অর্জন করাই একজন মুমিন ব্যবসায়ীর প্রকৃত সাফল্য।
— ফয়জুল্লাহ রিয়াদ, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা।