ফিতরাতি ব্যাখ্যাতত্ত্ব অনুযায়ী, বাস্তবতা বা ওহি সরাসরি কথা বলে না; মানুষের মন ও চিন্তার ছাঁচে সেগুলো পাঠ করতে হয়। এই তত্ত্বের মূল ভিত্তি হলো—ব্যাখ্যা কেবল ভাষাতাত্ত্বিক প্রক্রিয়া নয়, বরং এটি একজন ব্যক্তির আন্তরিক অবস্থা ও নৈতিক শুদ্ধির প্রতিফলন।

আকাশ, প্রকৃতি বা ইতিহাস সবাইকে সমানভাবে সামনে রাখলেও তার ব্যাখ্যা ভিন্ন হয়। কেউ তা জ্যোতির্বিজ্ঞানের বস্তু দেখেন, কেউ সৌন্দর্য, আবার কেউ সৃষ্টিকর্তার নিদর্শন। এই পার্থক্য থেকেই জন্ম নেয় ফিতরাতি ব্যাখ্যাতত্ত্বের মৌলিক প্রশ্ন—মানুষ কীভাবে মর্ম উপলব্ধি করে এবং কোন ব্যাখ্যা সত্যের বেশি নিকটবর্তী?

ফিতরাতি বাস্তুবিদ্যা মনে করে, ব্যাখ্যা একটি অস্তিত্বগত আমল। লোভে আচ্ছন্ন হৃদয় প্রকৃতিতেও লোভের পাঠ্য দেখে, আর আমানতের চেতনা সম্পন্ন অন্তর তা খিলাফতের দায়িত্ব হিসেবে গ্রহণ করে। ফলে ব্যাখ্যা কেবল পাঠ্যের পরিচয় দেয় না, পাঠকেরও স্বরূপ ফুটিয়ে তোলে। বিকৃত হৃদয় শুদ্ধ বাক্য থেকেও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, আবার পরিশুদ্ধ অন্তর সীমিত ভাষা থেকেও সত্যের হেদায়াত লাভ করতে পারে। তাই ব্যাখ্যার প্রথম শর্ত হলো তাযকিয়াহ বা নৈতিক শুদ্ধি, যা জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনও বটে।

এই প্রেক্ষাপটে ফিতরাতি ব্যাখ্যাতত্ত্বের কেন্দ্রীয় নীতিটি স্পষ্ট হয়। লেখক যথাযথভাবে উল্লেখ করেছেন, “একটি আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে প্রকৃতিকে এনকার করা যেমন ভুল, তেমনি প্রকৃতির কোনো পর্যবেক্ষণকে ব্যাখ্যা করতে গিয়ে ওহির উদ্দেশ্যকে এনকার করাও সমান গলতি”। কোরআন, কায়েনাত ও ইতিহাস—এই তিনটি আল্লাহর সুন্নাহর ভিন্ন ভিন্ন প্রকাশ। এদের উৎস এক হওয়ায় এদের মধ্যে মৌলিক বিরোধ থাকার কথা নয়। যদি কোথাও সংঘাত প্রতীয়মান হয়, তবে তা হাকিকতের নয়; ব্যাখ্যার।

সত্যকে অন্য সত্যের বিরুদ্ধে দাঁড় করানো ব্যাখ্যার কাজ নয়; বরং তাদের গভীরতর সামঞ্জস্য আবিষ্কার করা এর দায়িত্ব। ফিতরাতি দৃষ্টিতে অর্থ স্থির বা সম্পূর্ণ ইচ্ছাধীন নয়। পাঠ্যের একটি নির্দিষ্ট সীমানা থাকলেও তার ভেতরে বহুস্তরীয় তাৎপর্য লুকিয়ে থাকে। কোরআনের একটি আয়াত আকিদা, নৈতিকতা, সমাজ ও প্রকৃতি সম্পর্কে একযোগে ইঙ্গিত বহন করতে পারে। একই নদী ভূতাত্ত্বিক বাস্তবতা, অর্থনৈতিক সম্পদ, সাংস্কৃতিক ধারক ও পরিবেশনৈতিক আমানত হতে পারে। তাই একটি মাত্র অর্থ নির্ধারণের বদলে স্তরগুলোর যথার্থ সম্পর্ক উন্মোচন করা ব্যাখ্যার জিম্মাদারি।

এই তত্ত্ব আক্ষরিকতা ও সীমাহীন প্রতীকবাদের মধ্যবর্তী পথ বেছে নেয়। আক্ষরিকতায় ভাষার গভীরতা হারায়, আবার অতিরিক্ত প্রতীকবাদে পাঠ্যের হাকিকত বিলীন হয়ে যায়। প্রতিটি ব্যাখ্যা ভাষা, প্রসঙ্গ, উদ্দেশ্য, নৈতিক ফলাফল ও তাওহিদি বিশ্বদৃষ্টির আলোকে বিচার্য। ওহি অপরিবর্তনীয় হলেও মানুষের ফাহম ক্রমবিকাশমান। কায়েনাতের নেজাম স্থিতিশীল, কিন্তু আবিষ্কার সম্প্রসারিত হয়। ইতিহাস সম্পন্ন, কিন্তু তার পাঠ পরিবর্তনমুখী। যদি কোনো ব্যাখ্যা ইনসাফ, মিজান ও আমানতের বিরোধী হয়, তবে তা পুনর্বিবেচনার দাবি রাখে। আবার আধুনিক রুচির সাথে মানানসই হলেও যদি পাঠ্যের প্রকৃত দালালত অস্বীকার করে, তবে তা গ্রহণযোগ্য নয়। ব্যাখ্যার স্বাধীনতা আছে, কিন্তু তা নেজামবিহীন নয়।

ফিতরাতি বাস্তুবিদ্যায় ব্যাখ্যা কখনোই চূড়ান্ত হয় না। নতুন অভিজ্ঞতা ও সভ্যতাগত পরিবর্তন পুরোনো পাঠকে নতুনভাবে বুঝতে সাহায্য করে, তবে এতে উৎসের পরিবর্তন আসা যাবে না। ব্যাখ্যা মানে সত্যের দিকে মানুষের যাত্রাকে পরিণত করা, সত্যকে বদলানো নয়। ফিতরাতি ব্যাখ্যাতত্ত্বের লক্ষ্য মতের আধিক্য সৃষ্টি নয়, বরং হিকমাহর বিকাশ ঘটানো। ব্যাখ্যা তখনই সফল, যখন তা মানুষকে বাস্তবতার ওপর কর্তৃত্বের বদলে বাস্তবতার সঙ্গে আমানতদার সম্পর্কের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত এটি কোনো বুদ্ধিবৃত্তিক খেলা নয়, বরং হাকিকতের সামনে মানুষের আদব শেখার শিল্প।

মুসা আল হাফিজ : লেখক, প্রাবন্ধিক ও গবেষক। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান