জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বিস্তারিত সময়সূচি ও পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জনভোগান্তি বিবেচনায় বহরের গাড়ির সংখ্যা পাঁচ-ছয় হাজার থেকে কমিয়ে প্রায় এক হাজারে নামিয়ে আনার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

লংমার্চের পরিকল্পনা প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ভোর ৭টায় ঢাকার শাপলা চত্বরে সমবেত হয়ে সেখানে প্রাথমিক সমাবেশ ও উদ্বোধনী বক্তব্য হবে। সকাল ৮টার পর গাড়িবহর রওনা দেবে। প্রথম পথসভা হবে চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে, সিদ্ধিরগঞ্জে সকাল ৯টায়। এরপর কুমিল্লায় দুপুর ১২টায় নূর জাহান হোটেলের বিপরীতে খালি জায়গায় কর্মসূচি ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।

ফেনীতে দুপুর ৩টায় মহিপালে পথসভা হবে। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ সব দলের নেতাকর্মী অংশ নেবেন। এরপর শিল্পনগরী মিরসরাইয়ে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান থাকবে। সর্বশেষ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে রাত ৯টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে লাখ লাখ মানুষের সমাগমের আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে; এই চাপ থেকে পরিত্রাণের লক্ষ্যেই লংমার্চ। গাড়িবহর সংকুচিত হলেও লালদিঘীর মহাসমাবেশে জনসমাগমে কোনো ভাটা পড়বে না বলে তিনি মন্তব্য করেন।