গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা। পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৭ জনের মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮০ জনের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জনে পৌঁছেছে।

এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হয়, সেগুলোকে হামে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।