পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটির টিজার আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। দুর্গাপূজায় মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা চলচ্চিত্রটির টিজারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। টিজারে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে এক সুতোয় গাঁথা একটি যুগের ঝলক ফুটে উঠেছে।
ছবিটি নিয়ে সৃজিত বলেন, ‘আমার কাছে এটি হলো এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হলো কলম, আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই এই ছবি বলে।’ ‘পথের দাবী’ উপন্যাসের শতবর্ষ পূর্তির প্রাক্কালে সৃজিত বাংলা সাহিত্যের সেই অধ্যায়টি পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন, যেখানে শব্দ ছিল শুধু সাহিত্য নয়, প্রতিবাদের মাধ্যমও। প্রকাশের পরপরই ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে ওঠা ঐতিহাসিক এই রচনাটি থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় এক শতাব্দী পরের ইতিহাস ও দ্রোহের প্রেক্ষাপট এবার বড় পর্দায় দেখা যাবে।
টিজারের শুরুতেই ধূসর চুল ও ভাঙা চোয়াল নিয়ে লেখালেখিতে মশগুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশে টোটা রায়চৌধুরীকে দেখা যায়। অন্যদিকে অবির চট্টোপাধ্যায় বন্দুকধারী ‘সব্যসাচী’ চরিত্রে এবং মিমি চক্রবর্তী তাঁর চরিত্র নিয়ে আলোচনায় রয়েছেন। দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকও এই তারকাবহুল ছবিতে অভিনয় করবেন। এছাড়াও এই প্রযোজনার মাধ্যমে সৃজিত মুখোপাধ্যায় সংগীত পরিচালক হিসেবেও অভিষেক ঘটাবেন। ছবির সংগীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্বে থাকবেন তিনি। আবহসংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ঐতিহাসিক ও সাহিত্যিক চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজও বিশেষভাবে উল্লেখযোগ্য।
শরৎচন্দ্র ছাড়াও ছবিতে তৎকালীন সময়েকার অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে কেন্দ্র করেই কাহিনি এগোবে। সংবাদ প্রতিদিন অবলম্বনে এই প্রতিবেদন।