জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম সুমন নামে এক যুবকের বিরুদ্ধে। আহত মনোয়ার বর্তমানে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনায় তার ডান কাঁধ, গলা ও হাতে গভীর জখম হয়। কাঁধের ক্ষতস্থানে কয়েকটি সেলাই করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মনোয়ার হোসেন জানান, সকালে তিনি জয়পুরহাট থেকে বেগুন বিক্রি শেষে ক্ষেতলালের দিকে ফিরছিলেন। বটতলী বাজারে পৌঁছালে পথরোধ করে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তিনি জানান, এর আগে তাকে দুটি মামলায় আসামি করা হয়েছিল, যাতে তিনি বর্তমানে জামিনে আছেন। আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন তিনি।

অভিযুক্ত শরিফুল ইসলাম সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সাড়া মিলেনি।

বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের খবর তারা পেয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ দাখিল করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।