ভোরের আলো ফুটতেই দেশের আর দশটা সাধারণ উপজেলা বা গ্রামীণ বাজারে যখন নতুন করে কর্মব্যস্ততা শুরু হয়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রাণকেন্দ্র রেলবাজারের চিত্রটা তখন সম্পূর্ণ ভিন্ন। এখানে ভোরের আলো নতুন কোনো শুরুর বার্তা দেয় না; বরং তা রাতের চলমান অবিরাম বাণিজ্য কর্মযজ্ঞেরই একটি ধারাবাহিকতা মাত্র। দিনে-রাতে সমানতালে চলা এই অন্তহীন ব্যবসায়িক তৎপরতা দেখে যে কারও মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি সৈয়দপুরের মানুষজন রাতে মোটেও ঘুমায় না?

মানুষ ঘুমায় না বললে ভুল হবে। তবে এ কথা নির্দ্বিধায় বলা যায়, এই শহর আসলে কখনো ঘুমায় না। অনেকটা ‘ঘুমহীন শহর, বিনিদ্র বাণিজ্য’। যেখানে রাত জেগে চলে প্রাচীন বাজারের বাণিজ্যিক লেনদেন। গত ২২ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ সৈয়দপুর রেলবাজার ঘুরে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন দপ্তরের নথিপত্র ঘেঁটে জানার চেষ্টা করি রেলবাজার ঘিরে গড়ে ওঠা সৈয়দপুরের আদ্যোপান্ত।

চার লাখের বেশি মানুষের এই নগরীর বহু সংস্কৃতির জনপদে কান পাতলেই শোনা যায় বাংলা ও উর্দু ভাষার এক অপূর্ব মেলবন্ধন। নামে উপজেলা হলেও নাগরিক সুযোগ-সুবিধা, অর্থনৈতিক গুরুত্ব আর ঐতিহ্যের দিক থেকে এটি দেশের যেকোনো বড় শহরের চেয়ে কম নয়। ১৮৭০ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে এখানে সুবিশাল রেলওয়ে কারখানা স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এ শহরের আধুনিক নগরায়ণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আজ ২০২৬ সালে এসে তা কেবল উত্তরের একটি শহরই নয়; বরং এ অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

‘সাইয়্যেদপুর’ থেকে সৈয়দপুর

সৈয়দপুর নামের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট ও সর্বজনস্বীকৃত কোনো একক ঐতিহাসিক দলিল না থাকলেও স্থানীয় জনশ্রুতি এবং সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ অনুযায়ী, সুদূর অতীতে ভারতের কোচবিহার থেকে আগত একটি সম্ভ্রান্ত ‘সাইয়্যেদ’ বা সৈয়দ পরিবার এ অঞ্চলে বসতি স্থাপন করে। এই ধর্মপ্রাণ ও প্রভাবশালী পরিবারটি স্থানীয়ভাবে ইসলাম ধর্ম প্রচার শুরু করলে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানার্থে এ অঞ্চলের নাম রাখা হয় ‘সাইয়্যেদপুর’। কালক্রমে ভাষাগত বিবর্তনের মাধ্যমে তা আজকের ‘সৈয়দপুর’ হিসেবে পরিচিতি লাভ করে।

রংপুর জেলা গেজেটের তথ্য অনুযায়ী, প্রশাসনিক বিবর্তনে দেখা যায়, ১৮৭০ সালের আগে সৈয়দপুর ছিল রংপুর জেলার দারোয়ানি থানার অধীন একটি সাধারণ বাজার বা ছোট জনপদ। পরে যখন নীলফামারী মহকুমা গঠিত হয়, তখন ১৮৭০ থেকে ১৯১৫ সাল পর্যন্ত এটি নীলফামারী সদর থানার অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ প্রশাসন যখন এ অঞ্চলের জনসংখ্যা ও শিল্পের দ্রুত বিকাশ লক্ষ করে, তখন ১৯১৫ সালে সৈয়দপুরকে একটি স্বয়ংসম্পূর্ণ থানা হিসেবে উন্নীত করা হয়। ১৯৫৮ সালের ৯ এপ্রিল গঠিত হয় সৈয়দপুর পৌরসভা।

রেল কারখানা ঘিরে গড়ে ওঠা বাণিজ্যিক শহর

সৈয়দপুরের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির মূলেই জড়িয়ে আছে এখানকার সুবিশাল রেলওয়ে কারখানা। ১৮৭০ সালে ব্রিটিশ আমলে প্রায় ১১০ একর জমির ওপর এই রেলওয়ে কারখানা নির্মিত হয়। সে সময় কারখানার বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য অবিভক্ত ভারতের বিহার, যুক্ত প্রদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দক্ষ উর্দুভাষী শ্রমিক ও কারিগর নিয়ে আসা হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে বিহার ও অন্যান্য প্রদেশ থেকে বিপুলসংখ্যক উর্দুভাষী মানুষ এখানে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করায় শহরের জনসংখ্যার একটি বড় অংশ হয়ে ওঠে অবাঙালি।

এই কারখানায় ট্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি একসময় নতুন কোচ ও ওয়াগনও উৎপাদন করা হতো। আসাম বেঙ্গল রেলওয়ে হয়ে পুরো ভারতবর্ষ থেকে মানুষ এবং পণ্যের আনাগোনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজার ছড়িয়ে নগরীর ব্যাপ্তিও হু হু করে বাড়তে থাকে। মূলত তখন রেল কারখানা কেন্দ্র করেই গড়ে ওঠা বাজার প্রসারিত হতে থাকে। বাঙালি, বিহারি ও মাড়োয়ারি—এই তিন মিশ্র জনগোষ্ঠীর দীর্ঘদিনের সহাবস্থানে শহরটিতে এক অনন্য কসমোপলিটন জন্ম হয়, যা আজ অবধি এই শহরের প্রধানতম বৈশিষ্ট্য।

নিশুতি রাতের অর্থনীতি

সৈয়দপুরকে কেন ‘রাতের শহর’ বা ‘নিশুতি শহর’ বলা হয়, তার পেছনে রয়েছে রেলওয়ে কারখানার ঐতিহাসিক ও সরাসরি প্রভাব। ব্রিটিশ আমল থেকেই রেলওয়ে কারখানায় দিন-রাত ২৪ ঘণ্টা শিফটিং ডিউটি বা তিন শিফটে কাজ চলত। এখানকার কারখানার হাজার হাজার শ্রমিকের প্রাত্যহিক ও গভীর রাতের ক্ষুধা ও অন্যান্য প্রয়োজন মেটাতে শহরের দোকানপাট, চায়ের স্টল ও রেস্তোরাঁগুলো গভীর রাত পর্যন্ত, এমনকি সারা রাত খোলা রাখতে হতো। কালক্রমে এটি শহরের একটি স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়।

অন্যান্য গ্রামীণ বা মফস্​সল শহর যখন সূর্যাস্তের পর নিস্তব্ধতায় ডুবে যায়, সৈয়দপুরে তখন তার দ্বিতীয় পর্বের সক্রিয়তা শুরু হয়। শহরের প্রাণকেন্দ্র ও ইসলামবাগসহ বিভিন্ন এলাকায় ব্যবসা-বাণিজ্য এবং মানুষের চাঞ্চল্য গভীর রাত পর্যন্ত বজায় থাকে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সড়কপথের ব্যাপক উন্নয়নের কারণে (যার ফলে রাতের ট্রেনের ওপর নির্ভরতা কিছুটা কমেছে) রাতকেন্দ্রিক অর্থনীতি এখন কিছুটা কম হলেও সৈয়দপুরের বিচিত্রতায় এতটুকু ভাটা পড়েনি। এখানকার পৌর বাজার ও রেলওয়ে বাজার এলাকায় এখনো প্রায় সারা রাতই বেচাকেনা চলে। গভীর রাতেও রিকশার টুংটাং শব্দ, পাইকারি ব্যবসায়ীদের কোলাহল আর রেস্তোরাঁগুলোর ব্যস্ততা দেখলে মনে হবে এ যেন এক চিরজাগ্রত জনপদ।

প্রাচীন বাণিজ্য ও ঝুটশিল্পের নীরব বিপ্লব

স্থলপথ ধরে আড়াই শ বছর আগে সূচনা হওয়া এই বাজারে কেবল স্থানীয়ভাবে উৎপাদিত ফসল বেচাকেনা হতো। পরবর্তী সময়ে রেল কারখানা এবং রেলস্টেশন স্থাপনের পর বিভিন্ন প্রদেশের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটে। রেলওয়ে বাজার বা রেলবাজার হলো এই শহরের বাণিজ্যের প্রধান ধমনি। দিনে-রাতে রেলের সাইরেন আর ঝনঝনানিতে মুখর সেকালের সৈয়দপুর শহরের মর্যাদা পায় ব্রিটিশ আমলই। বাজারের অলিগলিতে লুকিয়ে আছে শত বছরের পুরোনো ব্যবসায়ের ঐতিহ্য।

বয়স্ক লন্ড্রি দোকানদার মোহন রায়ের মতে, সৈয়দপুরে সেনানিবাস স্থাপনের আগে এটিই ছিল এলাকার প্রধান বা মূল বাজার। সে সময় মূলত রেলওয়ের কর্মচারী এবং বিহারি সম্প্রদায়ই এখান থেকে বেশি কেনাকাটা করত। এমনকি বয়স্কদের মুখে শোনা যায়, ব্রিটিশ আমলে ইংরেজ সাহেবরাও এই বাজারে কেনাকাটা করতে আসতেন।

সময়ের পরিক্রমায় শহরের বিস্তার ঘটলেও এই বাজারের পুরোনো ঐতিহ্যের একটি বড় অংশ হলো ‘লাটের’ বা পুরোনো কাপড়ের ব্যবসা। উত্তরবঙ্গের বিভিন্ন গার্মেন্টস থেকে আনা পুরোনো কাপড় এখানে খুবই কম দামে বিক্রি হয়। তবে এই সনাতনী ব্যবসায়ের পাশাপাশি রেলবাজার ও এর আশপাশের এলাকার সবচেয়ে বড় অর্থনৈতিক বিপ্লবটি এসেছে ‘ঝুট’ বা পরিত্যক্ত কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে।

ঢাকা, গাজীপুর, সাভার ও চট্টগ্রামের বড় বড় পোশাক কারখানা থেকে বাতিল হওয়া ঝুট কাপড়, সুতা ও পুরোনো সেলাই মেশিন কিনে আনেন এখানকার দূরদর্শী উদ্যোক্তারা। এরপর সেই ঝুট কাপড় দিয়ে স্থানীয় কারখানায় নিপুণ হাতে তৈরি করা হয় আন্তর্জাতিক মানের ট্রাউজার, জ্যাকেট, শর্টস ও ডেনিমের প্যান্টের মতো চমৎকার সব পোশাক। এই ঝুটশিল্পের বিপ্লব স্থানীয় অর্থনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে এবং কর্মসংস্থানের এক বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

ক্ষুদ্র ও কুটির শিল্প এবং পোশাক খাতের চিত্র

সৈয়দপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প, বিশেষ করে ‘ঝুট গার্মেন্টস’ এবং হালকা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং) খাতের চিত্র গত দেড় দশকে সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানের বাণিজ্যিক পরিধি এখন বহু গুণ বড় এবং স্বনির্ভর।

এই বিশাল বাণিজ্যিক বিস্তারের নেপথ্যে রয়েছে এখানকার মানুষের কঠোর শ্রম এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের নীরব বিপ্লব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), এসএমই ফাউন্ডেশন এবং স্থানীয় তৈরি পোশাক ব্যবসায়ী মালিক সমিতির হালনাগাদ তথ্য ও অর্থনৈতিক সমীক্ষার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত দেড় দশকে সৈয়দপুরের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সৈয়দপুর কেবল একটি রেলশহর বা মফস্​সল হিসেবে আটকে থাকেনি; এটি এখন উত্তরবঙ্গের সবচেয়ে স্বনির্ভর, বহুমুখী ও গতিশীল এক অর্থনৈতিক পাওয়ার হাউস।

কৃষিজ উৎপাদন ও কৃষিনির্ভর অর্থনীতির শক্ত ভিত

সৈয়দপুরের অর্থনীতি কেবল শিল্প ও কলকারখানায় সীমাবদ্ধ নয়; বরং এর কৃষিজাত উৎপাদনও শহরের বাণিজ্যকে প্রতিনিয়ত রসদ জুগিয়ে যাচ্ছে। এখানকার মাটি পাট, গম ও আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় পর্যাপ্ত ফসল উৎপাদিত হয়।

পাট ব্যবসায়ী দীনেশ পাল পুরোনো দিনের স্মৃতিচারণা করে জানান, একসময় সৈয়দপুরের পাটের ব্যবসা ছিল সবচেয়ে রমরমা। ব্রিটিশ আমল থেকেই রেলওয়ের সুবিধার কারণে এখানকার রেলবাজার ও আশপাশের আড়তগুলো থেকে সহজেই পাট কলকাতা ও দেশের বিভিন্ন বড় জুট মিলে পাঠানো যেত। আগের চেয়ে পাটের চাষ কিছুটা কমলেও রেলবাজারের ঐতিহ্যবাহী গদিঘরগুলোয় পাটের বেচাকেনা এখনো থমকে যায়নি। মৌসুমে এখনো কোটি টাকার পাটের বেল হাতবদল হয় এই বাজারে।

পাটের পাশাপাশি এখানকার সবচেয়ে বড় চমক হলো আলুর বিপুল আবাদ। এ আলু দীর্ঘ মেয়াদে সংরক্ষণের জন্য এখানে তিনটি বড় হিমাগার রয়েছে। কৃষিনির্ভর ব্যবসাকে কেন্দ্র করে সৈয়দপুরে গড়ে উঠেছে বিপুলসংখ্যক চাল ও আটার কল। এখানে প্রায় ৫০টি চালের কল রয়েছে, যার মধ্যে ৫টি অত্যাধুনিক অটো রাইস মিল এবং ২০টি সাধারণ রাইস মিল উল্লেখযোগ্য।

চালের দোকানের স্থানীয় ব্যবসায়ী মো. জাহিদ জানান, সৈয়দপুরের চালের বাজারে এখন প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয়। আগে যেখানে সাধারণ হাস্কিং মিলে ধান ভাঙা হতো, এখন অটো রাইস মিল হওয়ায় উৎপাদনের গতি অনেক বেড়ে গেছে। এখানকার চালের মান ভালো হওয়ায় শুধু স্থানীয় চাহিদা মেটানোই নয়, প্রতিদিন শত শত টন চাল ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। রেলবাজারের চালের আড়তগুলো উত্তরের অন্যতম বড় চাল সরবরাহকারী কেন্দ্র।

এ ছাড়া ১৫টি আটা-ময়দার মিল এবং ৭টি তেলের মিল স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের জেলাগুলোর চাহিদাও পূরণ করে। শহরবাসীর দৈনন্দিন খাদ্যের জোগান দিতে এখানে উৎপাদিত প্রচুর পরিমাণে শাকসবজি বেচাকেনা হয়।

কাবাব, চাপ আর বটের সুবাস

বাঙালি ও উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘকালের সংমিশ্রণে এবং স্থানীয়ভাবে উৎপাদিত তাজা মসলা (পেঁয়াজ, রসুন ও মরিচ) ও ফসলের সহজলভ্যতায় সৈয়দপুরে এক দারুণ খাদ্যসংস্কৃতি গড়ে উঠেছে, যা উত্তরের আর কোথাও দেখা যায় না।

আইকনিক ‘বট-পুরি’: এই শহরের সবচেয়ে জনপ্রিয় ও সিগনেচার খাবার হলো ‘বট-পুরি’। গরু বা মহিষের ভুঁড়ি বা বট দিয়ে তৈরি এই খাবারের চাহিদা এতই বেশি যে অনেক সময় কসাইদের অগ্রিম টাকা দিয়ে বট বুকিং করে রাখতে হয়। পানহাটির গোলজার হোটেল, ভোলার হোটেল থেকে শুরু করে জিআরপি ক্যানটিনে বট-পুরি খেতে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শত শত মানুষ ভিড় জমান। বিহারি বাবুর্চিদের হাতের জাদুতে এবং গোপন মসলার গুণে এটি অতুলনীয় স্বাদ পায়।

কাবাব ও চাপের রাজ্য: সন্ধ্যার পর শহরের বাতাস ম-ম করে কাবাব আর চাপের সুবাসে। আল-শামস হোটেলের গরুর চাপ, মুরগির চাপ ও ফুলকো লুচির দেশজুড়ে সুনাম আছে। রেলগুমটি মোড়ে স্ট্রিট ফুডের দোকানে মেলে মুখরোচক শিক কাবাব, জালি কাবাব ও চিকেন ফ্রাই।

কাবাবের দোকানের ক্ষুদ্র ব্যবসায়ী আফজাল হোসেন সৈয়দপুরের রাতের অর্থনীতির নিখুঁত চিত্র তুলে ধরে বলেন, ‘সৈয়দপুর শহরে দিনের ব্যবসার চেয়ে রাতের ব্যবসাই আসল। আমাদের এখানে রাত যত বাড়ে, কাবাবের উনুন তত বেশি জ্বলে ওঠে, কাস্টমারের ভিড়ও বাড়ে। দূরদূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে আসেন মাঝরাতে শুধু গরম-গরম শিক কাবাব আর চাপ খেতে। আমরা সারা রাত দোকান খোলা রেখেও কাস্টমার সামলাতে হিমশিম খাই।’

কাবাব আর চাপের পাশাপাশি তাজির হোটেলের মোরগ পোলাও, সুগন্ধি বাসমতী চালের বিরিয়ানি এবং শহরের ১২টির বেশি বেকারির তৈরি মুখরোচক বেকারি পণ্য সৈয়দপুরের খাদ্যতালিকায় পাকাপোক্ত স্থান দখল করে আছে।

লোকসংস্কৃতির সমৃদ্ধ ধারা ও গ্রামীণ ঐতিহ্য

শহুরে এই মিশ্র সংস্কৃতির পাশাপাশি সৈয়দপুর তথা নীলফামারী জেলার নিজস্ব এক সমৃদ্ধ লোকসংস্কৃতি রয়েছে, যা এখানকার গ্রামীণ জনপদে গভীরভাবে প্রোথিত। এ জেলার লোকসংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ হলো ভাওয়াইয়া গান। মূলত প্রচলিত নানা ঐতিহ্যবাহী গল্প, বিরহ ও গ্রামীণ জীবনকাহিনির ওপর ভিত্তি করেই এসব গান রচিত হয়। এ অঞ্চলে সারি গানেরও বিশেষ কদর রয়েছে, বিশেষ করে ‘নয়নশরি বোস্তাম বাউদিয়া’, ‘শীতল শরি জনকপালা’, ‘আম্বাল শরি পিছল বাউদিয়া’ ও ‘পাইমাল শরি ভোদাই মেম্বার’ প্রভৃতি সারি গান সাধারণ মানুষের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়।

স্থাপত্য, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি

শুধু খাবার বা ব্যবসাই নয়, ঐতিহ্যের নিদর্শনেও শহরটি দারুণভাবে সমৃদ্ধ। লোকগানের পাশাপাশি এ জেলার মানুষের জীবনাচারে নানা গ্রামীণ উৎসব ও লোকবিশ্বাসের গভীর প্রভাব রয়েছে। যেমন গ্রামে কোনো শিশুর জন্মের তিন থেকে ছয় দিনের মধ্যে স্থানীয় মানুষেরা ‘পাস্তি’ নামের এক আনন্দমুখর লোক-উৎসবের আয়োজন করে থাকেন, যা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মেলবন্ধনের একটি চমৎকার মাধ্যম। এ ছাড়া ‘অষ্ট মঙ্গলা’, ‘ভাদর কাটানি’ ও ‘পৌষ কাটানি’র মতো বৈচিত্র্যময় গ্রামীণ প্রথা ও ঐতিহ্যগুলো আজও এ জেলার লোকসংস্কৃতিকে সযত্নে টিকিয়ে রেখেছে।

এসব ঐতিহ্যের পাশাপাশি এখানকার অন্যতম প্রধান স্থাপত্য আকর্ষণ হলো ১৮৬৩ সালে নির্মিত দৃষ্টিনন্দন ‘চিনি মসজিদ’। চুন, সুরকি এবং কলকাতা থেকে আনা মর্মর পাথর ও ভাঙা চিনামাটির টুকরা (সিরামিকস) দিয়ে অপূর্ব কারুকাজে সাজানো এই ঐতিহাসিক মসজিদ পর্যটকদের দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া ব্রিটিশ আমলের নট সেটেলমেন্ট, ফিদা আলী ইনস্টিটিউট এবং মর্তুজা ইনস্টিটিউটের মতো প্রাচীন স্থাপনাগুলো শহরের অতীত গৌরবের নীরব সাক্ষী হিসেবে সগর্বে দাঁড়িয়ে আছে।

সব মিলিয়ে সৈয়দপুর কেবল উত্তরের একটি সাধারণ উপজেলা বা রেলওয়ে জংশন নয়; এটি একটি জীবন্ত, স্পন্দিত এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ কসমোপলিটন শহর। কৃষির শক্ত ভিত, ক্ষুদ্র ও কুটিরশিল্পের অভাবনীয় বিস্তার এবং পরিশ্রমী মানুষের অদম্য প্রাণশক্তি ফুটে ওঠে রেলবাজারের প্রাচীন ব্যবসায়।