রাজধানী ঢাকার আশেপাশের নদ–নদী দখল ও দূষণ থেকে রক্ষা করে স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে এবং দখলকৃত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার একটি কেন্দ্রীয় সেল গঠন করেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সেল গঠনের বিষয়টি জানানো হয়। ৩৭ সদস্যের কেন্দ্রীয় এ সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেলটির কাজের ধারা ও ক্ষেত্র নির্ধারণসহ তিনটি সাব–কমিটির গঠনাদিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ সেলের সমন্বয়কের দায়িত্বে থাকবে বাংলাদেশ নৌবাহিনী।

বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে কল্পনা করেই এই সেল গঠন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ কেন্দ্রীয় সেলের উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

তিনটি সাব–কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সাব–কমিটি–১ এর দায়িত্ব হবে শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণ করা। এতে ১৭ সদস্য থাকবেন এবং আহ্বায়ক হবেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। সাব–কমিটি–২ খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার ও পানির প্রবাহ সচল রাখার দায়িত্বে থাকবে। এতে ১৬ সদস্য ও আহ্বায়ক হিসেবে থাকবেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব। সাব–কমিটি–৩ নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে। এতে ১৪ সদস্য ও আহ্বায়ক হিসেবে থাকবেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।

প্রতি মাসে কেন্দ্রীয় সেল তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। এছাড়া বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত চলমান প্রকল্পগুলোর পর্যালোচনা ও সমন্বয় করার দায়িত্বও পড়বে এই সেলের ওপর।