বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি অনুযায়ী, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে অবস্থান করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ বুধবার পাঠানো ওই বিবৃতিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে যান। প্রাথমিক পরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। রক্তের নমুনা ও বুকের এক্স-রে পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করে ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হয়।

মন্ত্রীর চিকিৎসার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। এরপর আজ সকাল ৯টায় বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আরেকটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মন্ত্রীর পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এছাড়া কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের মতামত অনুযায়ী, সুস্থতার জন্য তাঁকে আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে।