প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের অনুকূল পরিবেশ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, "প্রধানমন্ত্রী অনেক বুদ্ধিমান মানুষ, জনগণের নেতা তিনি। সুতরাং আমি মনে করি, এটি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত।"

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, "আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে যা করা প্রয়োজন, আমার এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, উভয় পক্ষের অভিপ্রায় জনগণকেন্দ্রিক। যখন জনগণকেন্দ্রিক বিষয় হয়, তখন যা হওয়ার হবেই।"

গণতন্ত্রে আলোচনার গুরুত্ব তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, "ডেমোক্রেসিতে আলোচনার কোনও শেষ নাই। যদি আলোচনা শেষ হয়ে যায়, তাহলে ওটা ডেমোক্রেসি না। আলোচনা তো বহমান নদীর মতো। গঙ্গা-পদ্মা আছে, তার কোনও শেষ নাই, এটি বহমান থাকেই, কোথাও থমকে থাকে না। গঙ্গা-পদ্মা থমকে যাবে– এমন হতে পারে না। আলোচনা তেমনই নদীর স্রোতের মতো, সাগরের মতো, কোনোদিন থামবে না।"

গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় তিনি আরও বলেন, "আমি আশাবাদী, কনফিডেন্ট এইটাই হচ্ছে প্রসেস অব ডেমোক্রেসি, আর এই প্রসেসটা চিরকাল চলতেই থাকবে।"

সাক্ষাৎকার চলাকালীন তিনি জানান যে, স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।