হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যুর কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, বিমানবন্দরের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও নিজস্ব একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, "বিশ্বাস করি অচিরেই এই দুর্ঘটনার কারণ আমরা জানতে পারবো। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব।"
চেয়ারম্যান আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত বিমানবাহিনীর তিন সদস্য এই ঘটনায় ইন্তেকাল করেছেন এবং আরও চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, "আজ এখানে আসার আগে আমরা তাদের জানাযা সম্পন্ন করে আসলাম। সেখানে বিমানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা (উপস্থিত ছিলেন)।"
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেষ্ট থাকার কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। আহত হয়েছেন কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের। আহতদের মধ্যে সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হলেও বাকিদের অবস্থা গুরুতর। বর্তমানে তারা সবাই সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।