জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এই ঘটনায় এক মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে ১৪ বছর বয়সী রাজু নিজেই তা মেরামত করতে যায়। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে ৪০ বছর বয়সী মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। পরিস্থিতি খারাপ দেখে দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের পথে থাকতেই লাকী আক্তার ও রাজুর মৃত্যু হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।