বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বিপিএলের ফিক্সিংয়ের অভিযোগে তিন পদস্থ কর্মকর্তাকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা করা হয়েছে।
নিষিদ্ধদের মধ্যে রয়েছেন বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান এবং অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। মোখলেছুর রহমান আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের পরিচালক ছিলেন। গেল আসরে ফিক্সিংয়ের অভিযোগ উঠলে তিনি অডিট কমিটির দায়িত্ব থেকে সরে যান। এবার বিসিবির তদন্তে তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
বিপিএলের ১২তম সংস্করণের কোনো ম্যাচের ফলাফল, অগ্রগতি বা পরিচালনায় বেআইনিভাবে হস্তক্ষেপ করার চেষ্টা বা ফিক্সিং–সংক্রান্ত চুক্তিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া অংশগ্রহণকারীদের দুর্নীতিতে জড়িত করতে উসকানি দেওয়া বা সহায়তা করার এবং দুর্নীতির প্রস্তাব পাওয়া পরও তা দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানানো না হয়ে প্রমাণভিত্তিক যোগাযোগতথ্য ডিলিট বা ধ্বংস করে তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগও তুলেছে বিসিবি।
একই আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হাসান। ম্যাচের ফলাফল বা অগ্রগতিতে বেআইনিভাবে প্রভাব ফেলার চেষ্টা বা এতে যুক্ত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারীদের দুর্নীতিতে উৎসাহিত করা এবং যুক্তিসংগত কারণ ছাড়া তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
শাস্তিপ্রাপ্ত তৃতীয় ব্যক্তি হলেন বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব পাওয়া সত্ত্বেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো না হওয়া এবং যুক্তিসংগত কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা বা অস্বীকৃতি জানানোর অভিযোগে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নিষিদ্ধ তিনজন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য বা প্রতিরক্ষা তুলে ধরতে পারবেন।