কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিটসংলগ্ন এলাকায় চিকিৎসক বিজয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসক বিজয় ও তার স্ত্রী বাড়িতে থাকাকালীন ডাকাতরা লহার গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক ৩টায় বরুড়া থানার এসআই এনামুল হক ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশের তদন্তে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থানার কর্মকর্তাদের ধারণা, ডাকাতির সময় এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। পরবর্তীতে ওই যানটির মালিককে আটক করা হয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক মুক্তকণ্ঠকে জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। পরে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতি এবং সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানে চুরির ঘটনা ঘটেছে। বৃদ্ধি পাচ্ছে চুরি-ডাকাতির হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কিত বরুড়ার সাধারণ নাগরিক সমাজ।