গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগাছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৭) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুজনেরই মৃত্যু হয়।
এই বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, "দুর্ঘটনার পর নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"