দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মরহুমার ছেলে শামছুল করিম মজুমদার মুরাদ জানান, তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। এই খবরে এলাকাবাসী, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি দৈনিক সমাবেশের সাবেক সম্পাদক ও প্রকাশক সেকেন্দার হায়াত মজুমদারের সহধর্মিণী ছিলেন। রওশন আরা হায়াত ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার লাশ মঙ্গলবার বাদ আসর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে মজুমদার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।