বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সংকট নিরসনে সরকার বসে নেই। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। আশা করি সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।"

রিজভী আরও বলেন, "বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট দেখা দিয়েছে, সেটিকে শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিরও সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের জ্বালানি ব্যবস্থার ওপরও পড়েছে। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।"

প্রধানমন্ত্রী সব সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, "সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।" তার ভাষ্য, "দেশের সামনে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে একে একে মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।"