লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পৌর কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরদার বাড়ি মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন রায়পুর পৌরসভার বিদ্যুৎ বিভাগের মাস্টাররোল ভুক্ত কর্মচারী আবু সাঈদ (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মসজিদের বিদ্যুৎ লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে তা সংস্কারের জন্য আবু সাঈদ কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ নামের এক পৌর কর্মচারীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”