এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২–০ গোলে হেরেছে বাংলাদেশ। তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে যুব জাতীয় দলটি শুরু থেকেই চাপে ছিল এবং প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়ে।
ম্যাচের ২০তম মিনিটে রক্ষণভাগের জটিলতার সুযোগ নিয়ে শট নেন স্বাগতিক মিডফিল্ডার কুভানিষবেক সায়দালিয়েভ। তাঁর শট বাংলাদেশের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়, যা ১–০ গোলে এগিয়ে দেয় উজবেকিস্তানকে। গোল খাওয়ার চার মিনিট পর কোচ জেরার্ড জোন্স দুটি বদল আনেন। রাইসুল ইসলামের বদলে মাঠে নামেন ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাস এবং কামাল মৃধার জায়গায় আসেন অস্ট্রেলিয়াপ্রবাসী এহসান মালিক। তবে এই পরিবর্তনে বাংলাদেশের খেলায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হয়নি।
প্রথমার্ধে উজবেকিস্তান একের পর এক আক্রমণ চালিয়ে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও তারা আর কোনো গোল করতে পারেনি। পরিসংখ্যান বলছে, প্রথম ৪৫ মিনিটে বলের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ ছিল উজবেকদের দখলে। তাদের ১৫টি শটের মধ্যে ১০টি নিশানার বাইরে যায়, অন্যদিকে বাংলাদেশের পক্ষে একটি শটও নেওয়া সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে দারুণ হেডে দ্বিতীয় গোলটি আদায় করেন আব্রায়েভ কুবোঞ্চবেক। ম্যাচের বাকি সময় মাঝেমধ্যে আক্রমণে ঝাঁপালেও বাংলাদেশ আর কোনো গোল ফিরতে পারেনি।
জুনিয়র কিংবা সিনিয়র—কোনো পর্যায়েই এখন পর্যন্ত উজবেকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচের আগে যুব দল তাদের বিপক্ষে দুটি এবং জাতীয় পুরুষ দল তিনটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচের সবগুলোতেই হার বাংলাদেশের। আগামী বৃহস্পতিবার একই মাঠে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবরা।
এবারের প্রতিযোগিতায় মোট ৪৪টি দলকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। নিচের সারির ১২টি দল ‘ডেভেলপমেন্ট বিভাগে’ খেলছে, আর চূড়ান্ত পর্বের লড়াইয়ে রয়েছে ৩২টি দল। আগামী বছর মার্চে চীনে মূল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল জায়গা পাবে। এই ১৫ দলের সঙ্গে আয়োজক চীন সরাসরি মূল পর্বে থাকবে।