যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬-এ এটু গ্রুপে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

গত ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতাটি বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ১১০ জন প্রতিযোগীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর হাফেজ সাদ সুললিত তিলাওয়াতের মাধ্যমে বিচারকদের মন জয় করেন। ফলাফল ঘোষণার সময় আয়োজক তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করেন।

রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সাদ। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য পরিচিত এই প্রতিষ্ঠান থেকে এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। হাফেজ সাদ এই কৃতিত্বের ধারাকে এগিয়ে নিলেন।

মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বিষয়টি জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা; যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কুরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাফেজ সাদের এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কুরআন শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।