ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে দুটি বিশাল আকারের ইলিশ ধরা পড়েছে। এর মোট ওজন সাড়ে ৩ কেজির বেশি। সোমবার দুপুরে ঢালচর মাছঘাটে এ মাছ দুটির নিলাম হয়েছিল ১৫ হাজার টাকায়।
গতকাল রোববার বিকেলে কলাতলী ইউনিয়নের ঢালচর এলাকার জেলি রফিকুল ইসলাম মেঘনা নদীর মোহনায় মাছ ধরতে যান। মাছ শিকার শেষে তিনি ঢালচর মাছঘাটে এসে শরিফ ব্যাপারীর আড়তে মাছগুলো রাখেন। সেখানেই হঠাৎ দুটি বড় ইলিশ পাওয়া যায়। বড়টির ওজন দুই কেজি ২০০ গ্রাম এবং ছোটটির ওজন দেড় কেজি।
স্থানীয় মাছ ব্যবসায়ী সাইফুল মোল্লা নিলামে এই ইলিশ দুটি কিনে নেন। এরপর দুপুরে লঞ্চে করে মাছগুলো রাজধানী ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ভালো দাম পাওয়ার আশায় তিনি মাছগুলো নিয়ে যান।
স্থানীয়রা জানান, একসময় বর্ষা মৌসুমে মেঘনায় নিয়মিত বড় ইলিশ ধরা পড়ত। তবে বর্তমানে বড় ইলিশ ধরা পড়ার খবরে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাছঘাটে অনেক মানুষ ভিড় করে মাছগুলো দেখছেন এবং ছবি তুলছেন।
চরফ্যাশন ও মনপুরা উপজেলার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের তুলনায় এখন কিছু ইলিশ ধরা পড়ছে। তবে বড় আকারের ইলিশ খুব কমই পাওয়া যায়। আশ্বিনের ভরা পূর্ণিমার সময় ইলিশের প্রজনন মৌসুমে সাধারণত বড় ইলিশ বেশি দেখা যায়। তিনি ইলিশের সংখ্যা কমে যাওয়ার পেছনে নদী ও সাগরের পানিদূষণ, বিষ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকার, কৃষিজমির কীটনাশক পানিতে মিশে যাওয়া, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন ও ডুবোচর সৃষ্টিসহ বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করেন। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান।