খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬০টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই জব্দকার্য সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২২৬২/২৪-এর নিকটবর্তী এলাকায় ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল রওনা হয়।

ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার ২২৬২/২৪-এস ও ২২৬২/২৫-এস এর মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে জানমারাটিলা ডাউন এলাকায় টহলদলটি অবস্থান নেয়। চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি ৭টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে গণনা করলে ১৬০টি ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।