বিএনপি কর্মী মকবুল হোসেনের হত্যার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পল্টন মডেল থানায় দায়ের করা এই মামলায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আসামিদের উপস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন আদালতকে জানান, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ দুজনকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি অভিযান চালায়। মহাসমাবেশ ঘিরে কার্যালয়ের আশপাশে জড়ো হওয়া দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ঐ সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী নিহত হন। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০২৫ সালের ২০ জানুয়ারি মোস্তফা জালাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন.