প্রায় চার দশক পর আবারও রেসিং ট্র্যাকে ফিরছেন টম ক্রুজ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া 'ডেজ অব থান্ডার' ছবির সিক্যুয়েলে তিনি আবারও কোল ট্রিকল চরিত্রে দেখা দেবেন। তার বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ভ্যারাইটি জানিয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন।

মূল ছবিটি পরিচালনা করেছিলেন টনি স্কট। নতুন কিস্তির পরিচালক জনাথন লেভিন। প্রযোজনায় থাকছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হারপার। গল্প সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে জানা গেছে, অ্যান হ্যাথাওয়ে একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন।

এদিকে টম ক্রুজ বর্তমানে 'মিশন: ইমপসিবল' ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত। এর পাশাপাশি আরেকটি 'টপ গান' সিক্যুয়েলও নিশ্চিত হয়েছে। এছাড়া চলতি বছর আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় 'ডিগার' ছবিতে দেখা যাবে তাকে। অন্যদিকে অ্যান হ্যাথাওয়ের হাত ধরে আসছে 'মাদার মেরি', 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২', 'দ্য ওডিসি' ও 'দ্য এন্ড অব ওক স্ট্রিট'। বছরের শেষের দিকে আসবে 'ভ্যারিটি' নামে আরেকটি ছবি।