ভারতের আধ্যাত্মিক গুরু নীম করোলির জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘হনুমান অংশ’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির ২৫ দিন পর এখনও দর্শকদের আকর্ষণ করে চলেছে। বর্তমানে ছবিটির মোট আয় ৪৬ কোটি রুপিতে পৌঁছে যাওয়ায় এটি বক্স অফিসের সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। তবে শুরুর দিকে ছবিটির ব্যবসায়িক গতি ছিল বেশ মন্থর। মুক্তির প্রথম দিনে এর আয় হয়েছিল মাত্র ১০ লাখ রুপি এবং প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ১ কোটি ৮ লাখ রুপিতে। দ্বিতীয় সপ্তাহে আয় আরও কমে ৪০ লাখ রুপিতে নেমে আসে, যা দেখে অনেকেই ধারণা করেছিলেন ছবিটির যাত্রা এখানেই শেষ হয়ে যাবে।
কিন্তু তৃতীয় সপ্তাহ থেকেই দৃশ্যপট বদলে যায়। মুক্তির তৃতীয় সপ্তাহে ছবিটি ১০ কোটি ৪০ লাখ রুপি আয় করে। চতুর্থ সপ্তাহেও দর্শকদের প্রবল আগ্রহ দেখা যায়; যার ফলে চতুর্থ সপ্তাহের রোববারে ছবিটির আয় হয় ১২ কোটি ৭৫ লাখ রুপি। গত সোমবার মুক্তির ২৫তম দিনেও আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৪৫ কোটি ৯২ লাখ রুপি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় ইতিমধ্যেই ৫০ কোটি রুপির ঘর পেরিয়ে গেছে। ছবির গ্রস আয় প্রায় ৫৩ কোটি ৪৩ লাখ রুপি এবং নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি ২৮ লাখ রুপিতে। মাত্র ২ কোটি রুপি বাজেটের ছবির জন্য এই অর্জন নিঃসন্দেহে এক বিশাল সাফল্য।
নীম করোলি, যিনি ভক্তদের কাছে ‘মহারাজ জি’ নামে পরিচিত, তাঁর জীবন নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। ছবিতে নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি এবং অনিল রাস্তোগি।
ছবিটির সাফল্যের পেছনে কোনো বড় তারকা বা জাঁকজমকপূর্ণ প্রচারণার ভূমিকা নেই। বরং নির্মাতারা ভিন্ন কৌশলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। বিভিন্ন স্থানে ভাণ্ডারার আয়োজন এবং নীম করোলি বাবার জীবন ও দর্শনের কথা মানুষের সামনে তুলে ধরা হয়। এই মুখে মুখে প্রচারই শেষ পর্যন্ত দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনে। মুক্তির শুরুতে প্রত্যাশার বাইরে থাকলেও, বর্তমানে ২ কোটি রুপি বাজেটের এই ছবির প্রায় ৫০ কোটি রুপির আয় বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।