অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের রানি নাজলির ব্যবহৃত অত্যন্ত মূল্যবান একটি হীরার হার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে।

ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে একটি বিশেষ প্রদর্শনী চলছিল। পুলিশ জানিয়েছে, সাধারণ দর্শনার্থীদের মতোই টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করে দুই ব্যক্তি। তারা কোনো মুখোশ পরিধান করেননি। জাদুঘরে ঢুকেই সরাসরি মূল প্রদর্শনী কক্ষে চলে যায় তারা এবং হাতুড়ির আঘাতে কাচের বাক্স ভেঙে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হারটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে উপস্থিত দর্শনার্থীরা কিছু বুঝে ওঠার আগেই অপরাধীরা এলাকা ত্যাগ করে।

প্রায় ২০০ ক্যারেট ওজনের এই হারটিতে মোট ৬৭৩টি হীরা খচিত রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ভিয়েনাজুড়ে প্রশিক্ষিত কুকুর ও বিশেষ দল নিয়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম দ্য ক্রোনেন জানিয়েছে, তদন্তকারীদের ধারণা কোনো আন্তর্জাতিক অপরাধী চক্রের ভাড়াটে সদস্য হিসেবে ওই দুজন এই চুরি চালিয়েছে। এই ঘটনার পর জাদুঘরের প্রদর্শনীটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঐতিহাসিক এই হারটি ১৯৩৯ সালে মিসরের তৎকালীন রানি নাজলি তাঁর মেয়ে ফাওজিয়ার বিয়েতে পরেছিলেন। রাজকুমারী ফাওজিয়ার বিয়ে হয়েছিল ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে। বিশ্বখ্যাত ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের তৈরি এই হারটি ২০১৫ সালে নিলামে প্রায় ৪৩ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে জাদুঘরে এমন চুরির প্রবণতা বাড়ছে। ফ্রান্সের প্যারিসে ল্যুভর মিউজিয়াম, স্পেনের ব্রোঞ্জ যুগের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা এবং ইতালির মেসিনা জাদুঘর থেকেও মূল্যবান শিল্পকর্ম ও প্রাচীন গয়না চুরি হয়েছে। ইউরোপের পুলিশ সংস্থা ‘ইউরোপোল’ এক সতর্কবার্তায় জানিয়েছে, অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বড় হাতুড়ি ও কুড়াল দিয়ে দ্রুত ভাঙচুর চালানোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জাদুঘরে চুরি–ডাকাতি করছে।